ইতিহাসের পুনর্জন্ম! ওড়ার ৯ মিনিটে দুর্ঘটনা, ৭৪ বছর পর মিলল আটলান্টিকে হারানো বিমানের ধ্বংসাবশেষ
৭৪ বছর পর মিলল আটলান্টিকে হারানো প্যান অ্যামের বিমান, উন্মোচিত ইতিহাসের এক রহস্য
ইতিহাসের এক হারিয়ে যাওয়া অধ্যায়ের যেন নতুন করে উন্মোচন হল। ১৯৫২ সালের ১১ এপ্রিল আটলান্টিক মহাসাগরে ভেঙে পড়েছিল মার্কিন সংস্থা প্যান আমেরিকান এয়ারওয়েজের (Pan Am) ডিসি-৪ ফ্লাইট ৫২৬এ। দুর্ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছিল। দীর্ঘ ৭৪ বছর ধরে বহু অনুসন্ধান চালানো হলেও বিমানটির কোনও খোঁজ মেলেনি। অবশেষে সমুদ্রের প্রায় ২,০০০ ফুট গভীরে মিলল সেই বিমানের ধ্বংসাবশেষ।
১৯৫২ সালের ১১ এপ্রিল দুপুর ১২টা ১১ মিনিটে পুয়ের্তো রিকোর স্যান জুয়ান ইসলা গ্রান্দে বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে উড়েছিল ফ্লাইট ৫২৬এ। উড্ডয়নের মাত্র ৯ মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আটলান্টিক মহাসাগরে ভেঙে পড়ে। বিমানে ৬৪ জন যাত্রী ও ৫ জন বিমানকর্মী ছিলেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার পর ১২ জন যাত্রী-সহ মোট ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৫২ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বহুবার অনুসন্ধান অভিযান চালানো হলেও বিমানের কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ডিসকভারি চ্যানেলের ‘Expedition Unknown’-এর অনুসন্ধানকারী দল আধুনিক ড্রোন প্রযুক্তির সাহায্যে সমুদ্রতলের প্রায় ২,০০০ ফুট গভীরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।
ডিসকভারি চ্যানেলের দাবি, পুয়ের্তো রিকোর উত্তর উপকূল থেকে কিছুটা দূরে আটলান্টিক মহাসাগরের তলদেশে মিলেছে বহুদিনের হারিয়ে যাওয়া এই বিমান। সাত দশকেরও বেশি সময় পর এই আবিষ্কারকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুসন্ধান হিসেবেই দেখা হচ্ছে।:::
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0