মিড-ডে মিলে নুনের বদলে গুঁড়ো সাবান! খাবার খেয়ে অসুস্থ ৪০ পড়ুয়া
বিহারের নালন্দার পারসি মিডল স্কুলে মিড-ডে মিলে নুনের বদলে গুঁড়ো সাবান দেওয়ার অভিযোগ। খাবার খেয়ে পেটব্যথা ও বমিতে অসুস্থ প্রায় ৪০ পড়ুয়া, হাসপাতালে চিকিৎসা চলছে।
বিহারের নালন্দায় মিড-ডে মিল ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। নুনের পরিবর্তে ভুল করে গুঁড়ো সাবান খাবারে মিশে যাওয়ার অভিযোগ। সেই খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে প্রায় ৪০ জন পড়ুয়া। পেটে ব্যথা, বমি এবং অস্বস্তির মতো উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি মঙ্গলবার নালন্দা জেলার পারসি মিডল স্কুলে ঘটে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পুরো ঘটনাটিই ভুলবশত হয়েছে। প্রতিদিনের মতো এ দিনও অন্য একটি স্কুল থেকে মিড-ডে মিলের খাবার এসেছিল। খাবার পরিবেশনের পর পড়ুয়ারা জানায়, সয়াবিনের তরকারিতে নুন কম রয়েছে।
এরপর স্কুলের তরফে পড়ুয়াদের খাবারে নুন দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু অভিযোগ, সেই সময়ই নুনের পরিবর্তে ভুল করে গুঁড়ো সাবান ব্যবহার করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক পড়ুয়া অসুস্থ হতে শুরু করে।
পেটে ব্যথা ও বমি, হাসপাতালে ৪০ পড়ুয়া
অসুস্থ পড়ুয়াদের কয়েকজনের পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। কারও আবার বমি হতে থাকে। একসঙ্গে বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
অসুস্থ পড়ুয়াদের বিহার শরিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তবে পর্যবেক্ষণের জন্য বুধবারও পড়ুয়াদের হাসপাতালে রাখা হয়েছে।
চিকিৎসকদের বক্তব্য, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং আপাতত সকলেই বিপন্মুক্ত। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের নজরদারিতে রাখা হচ্ছে।
ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রী
ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন বিহারের গ্রামোন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার। তিনি অসুস্থ পড়ুয়া ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন। চিকিৎসা পরিষেবা ঠিকমতো চলছে কি না, তাও খতিয়ে দেখেন। হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
অভিভাবকদের ক্ষোভ, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঘটনার পর স্কুলের মিড-ডে মিল ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ। তাঁদের প্রশ্ন, খাবারে ব্যবহারের জন্য রাখা নুনের জায়গায় কীভাবে গুঁড়ো সাবানের প্যাকেট চলে এল? খাবার পরিবেশনের আগে উপকরণ যাচাই করা হয়নি কেন?
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে খাবার সংরক্ষণের জায়গায় গুঁড়ো সাবানের প্যাকেট রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কার গাফিলতি ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাটি ফের স্কুলের মিড-ডে মিল ব্যবস্থায় খাদ্য নিরাপত্তা, উপকরণ সংরক্ষণ এবং খাবার পরিবেশনের আগে যথাযথ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0