ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলোম্বিয়া, মৃত ১৩২! ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ, জারি জরুরি অবস্থা

৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলোম্বিয়া। মৃত অন্তত ১৩২, আহত প্রায় ৫৭০। ক্ষতিগ্রস্ত হাজারেরও বেশি বাড়ি, চলছে উদ্ধার অভিযান।

Aug 11, 2026 - 10:06
 0  1
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলোম্বিয়া, মৃত ১৩২! ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ, জারি জরুরি অবস্থা

শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে কলোম্বিয়া। রিখটার স্কেলে ৭.৪ মাত্রার এই কম্পনে দেশের তিনটি শহরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৫৭০ জন। বহু বাড়ি ও বহুতল ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে জোরকদমে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। প্রবল এই ভূমিকম্পের প্রভাব শুধু কলোম্বিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। প্রতিবেশী ইকুয়েডরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

একাধিক আফটারশকে আতঙ্ক

কলোম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থার তরফে জানানো হয়েছে, মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক হয়েছে। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। উদ্ধারকাজ চলার মধ্যেই আরও কম্পনের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আফটারশকের কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনের আধিকারিকরা।

ক্ষতিগ্রস্ত হাজারেরও বেশি বাড়ি

প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েল্লার দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ধাক্কায় অন্তত ১,৫৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১৮টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫২টি স্কুলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত ত্রাণ ও পুনরুদ্ধারের কাজ শুরু করতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দুর্গম এলাকায় উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ

ভূমিকম্পের উৎসস্থল চোকো অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে এবং ঘন জঙ্গলে ঘেরা। এই এলাকার বহু জায়গায় সড়কপথে পৌঁছনো অত্যন্ত কঠিন। ফলে দুর্গত মানুষের কাছে পৌঁছতে উদ্ধারকারী দলকে নৌকা ও বিমানের সাহায্য নিতে হচ্ছে। দুর্গম এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার ও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ আরও কঠিন হয়ে পড়েছে।

প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর পাশাপাশি আহতদের চিকিৎসা এবং সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খুঁজে দেখতে চলছে ব্যাপক তল্লাশি। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকারী সংস্থাগুলির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও কাজে হাত লাগিয়েছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0