Money Extortion Case: লরেন্স বিষ্ণোইয়ের নামে হুমকি ফোন, ৫ কোটি টাকা দাবি! তদন্তে কলকাতা পুলিশ
ভবানীপুরের এক নির্মাণ ব্যবসায়ীর কাছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয়ে ৫ কোটি টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ। আন্তর্জাতিক নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
কলকাতায় কি সক্রিয় হচ্ছে লরেন্স বিষ্ণোই গ্যাং? নাকি কুখ্যাত গ্যাংস্টারের নাম ভাঙিয়ে তোলাবাজির ছক কষছে অন্য কোনও অপরাধচক্র? ভবানীপুর থানায় দায়ের হওয়া এক নির্মাণ ব্যবসায়ীর অভিযোগ ঘিরে উঠছে সেই প্রশ্নই। ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
অভিযোগ, শরৎ বোস রোডের এক নির্মাণ ব্যবসায়ী গত ৩০ জুন থেকে একাধিক আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোন পাচ্ছেন। ফোনের অপর প্রান্ত থেকে নিজেদের লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে। অভিযোগকারীর দাবি, টাকা না দিলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকিও দেওয়া হয়েছে।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে ভবানীপুর থানার পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে একাধিক আন্তর্জাতিক নম্বরের অস্তিত্ব মিলেছে, যেগুলি থেকেই বারবার ফোন করা হচ্ছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্তভার নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
পুলিশের শীর্ষ কর্তাদের বক্তব্য, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না, নাকি তার নাম ব্যবহার করে অন্য কোনও দুষ্কৃতী তোলাবাজির চেষ্টা করছে, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে মুখ খুলতে চাননি অভিযোগকারী ব্যবসায়ীও।
কলকাতায় আন্তর্জাতিক অপরাধচক্রের নাম ভাঙিয়ে তোলাবাজির ঘটনা নতুন নয়। অতীতেও দাউদ ইব্রাহিমের 'ডি' কোম্পানি কিংবা অন্যান্য কুখ্যাত গ্যাংয়ের নাম ব্যবহার করে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অনেক ক্ষেত্রেই তদন্তে দেখা গিয়েছে, স্থানীয় অপরাধীরাই ভয় দেখানোর জন্য বড় গ্যাংস্টারের নাম ব্যবহার করেছে।
তবে তদন্তকারীদের একাংশের মতে, বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সম্প্রতি পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভট্টির পশ্চিমবঙ্গে নেটওয়ার্ক তৈরির অভিযোগ সামনে আসার পর এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংও দীর্ঘদিন ধরেই পূর্ব ভারতে নিজেদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে। সেই কারণেই এই ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।
কে এই লরেন্স বিষ্ণোই?
পঞ্জাবের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা লরেন্স বিষ্ণোই বর্তমানে দেশের অন্যতম কুখ্যাত অপরাধচক্রের প্রধান বলে পরিচিত। গুজরাতের সাবরমতী জেলে বন্দি থাকলেও প্রযুক্তির সাহায্যে তিনি অপরাধচক্র পরিচালনা করেন বলে অভিযোগ। গোয়েন্দা সংস্থার দাবি, তাঁর গ্যাংয়ের সঙ্গে শতাধিক শুটার যুক্ত রয়েছে। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা, এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড এবং বলিউড অভিনেতা সলমন খানকে একাধিকবার প্রাণনাশের হুমকির ঘটনায়ও বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে এসেছে। দেশ-বিদেশে বিস্তৃত এই অপরাধচক্র বর্তমানে তদন্তকারী সংস্থাগুলির কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0