২৮ বছরের অপেক্ষার অবসান! এশিয়ান গেমসে প্রথম পদক, ভারোত্তোলনে রুপো মীরাবাঈ চানুর

এশিয়ান গেমস ২০২৬-এর মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন মীরাবাই চানু। ১৯৮ কেজি মোট ওজন তুলে তাঁর এই সাফল্যে ২৮ বছর পর এশিয়ান গেমসে ভারোত্তোলনে পদক পেল ভারত।

Sep 23, 2026 - 14:21
 0  3
২৮ বছরের অপেক্ষার অবসান! এশিয়ান গেমসে প্রথম পদক, ভারোত্তোলনে রুপো মীরাবাঈ চানুর

দীর্ঘ অপেক্ষার অবসান। এশিয়ান গেমসের মঞ্চে অবশেষে পদক জিতলেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে যোগ করলেন আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তাঁর এই পদকের সঙ্গেই ২৮ বছর পর এশিয়ান গেমসে ভারোত্তোলনে পদক পেল ভারত।

বুধবার দুর্দান্ত পারফরম্যান্স করেন চানু। স্ন্যাচে তিনটি প্রচেষ্টাতেই সফল হন তিনি। প্রথমে ৮৩ কেজি, এরপর ৮৫ কেজি এবং শেষ প্রচেষ্টায় ৮৭ কেজি তোলেন ভারতীয় তারকা। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১০৭ কেজি তোলার পর দ্বিতীয় চেষ্টায় ১১১ কেজি সফলভাবে তুলে নেন তিনি। সব মিলিয়ে তাঁর মোট ওজন দাঁড়ায় ১৯৮ কেজি।

তবে সোনার লড়াইয়ে তাঁকে পিছনে ফেলে দেন উত্তর কোরিয়ার রি সং গাম। ২১৫ কেজি মোট ওজন তুলে সোনা জেতেন তিনি। অন্যদিকে ১৯১ কেজি তুলে ব্রোঞ্জ পান ইন্দোনেশিয়ার লুলুক দিয়ানা ত্রি উইজায়ানা।

মীরাবাইয়ের জন্য এই রুপো বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে এশিয়ান গেমসে পদক তাঁর ঝুলিতে ছিল না। ২০১৪ সালের ইনচন গেমসে তিনি নবম স্থানে শেষ করেছিলেন। ২০১৮ সালে চোটের কারণে এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি। এরপর ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে চোটের কারণে শেষ মুহূর্তে পদক হাতছাড়া হয় এবং চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

এবার সেই আক্ষেপই মুছে ফেললেন ভারতের তারকা ভারোত্তোলক। টোকিও অলিম্পিকে রুপোজয়ী চানুর সংগ্রহে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা এবং কমনওয়েলথ গেমসে একাধিক সোনা। চলতি বছরও কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। এশিয়ান গেমসের পদকটি এতদিন তাঁর বর্ণময় কেরিয়ারে অনুপস্থিত ছিল।

চানুর এই সাফল্যের সঙ্গে ভারতের ভারোত্তোলনও ফিরল এশিয়ান গেমসের পোডিয়ামে। এর আগে ১৯৯৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে কর্ণম মল্লেশ্বরী রুপো জিতেছিলেন। তারপর থেকে দীর্ঘ ২৮ বছর এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের কোনও পদক ছিল না। চানুর রুপো সেই অপেক্ষার অবসান ঘটাল।

অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসের পর এবার এশিয়ান গেমসেও পদক জিতলেন মীরাবাই চানু। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত রেকর্ডেই নতুন অধ্যায় যোগ করল না, ভারতীয় ভারোত্তোলনের এশিয়ান গেমসের ইতিহাসেও ফিরিয়ে আনল পদকের ঝলক।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0