আরজি কর মামলার নতুন তদন্তে কতটা অগ্রগতি? ২৮ অগস্ট রিপোর্ট দিতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের
আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ-খুন মামলার নতুন তদন্তে কী অগ্রগতি হয়েছে, তা ২৮ অগস্টের মধ্যে কলকাতা হাইকোর্টে জানাতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে শুরু হওয়া তদন্তের অগ্রগতি জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিশেষ তদন্তকারী দল (SIT)-এর তদন্তে কী কী অগ্রগতি হয়েছে, তার বিস্তারিত ২৮ অগস্ট আদালতে জানাতে সিবিআইকে নির্দেশ দিয়েছে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ বেঞ্চ।
বৃহস্পতিবার মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, নতুন বিশেষ তদন্তকারী দলের (SIT) উপর অযথা চাপ সৃষ্টি করতে চায় না আদালত। তবে তদন্তে কী নতুন তথ্য বা সূত্র উঠে এসেছে, তা আদালত জানতে আগ্রহী।
শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহ রায় জানান, তদন্তে সহায়তার জন্য হাইকোর্টে জমা দেওয়া তিনটি হলফনামা ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞ অজয় কুমার গুপ্তের মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা ১৯টি পর্যবেক্ষণ ও ত্রুটি তদন্তে বিবেচনার অনুরোধও করা হয়েছে।
পরিবারের আইনজীবীদের দাবি, আদালতের আগের নির্দেশ অনুযায়ী ঘটনার দিন রাতে তরুণী চিকিৎসকের রাতের খাবার খাওয়া থেকে শুরু করে তাঁর দেহের শেষকৃত্য পর্যন্ত পুরো ঘটনাপ্রবাহ নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন। সেই রাতে যাঁরা তাঁর সঙ্গে খাবার খেয়েছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়েছে।
সিবিআইয়ের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী আদালতকে জানান, ৮ জুলাই নতুন SIT দায়িত্ব নেওয়ার পর নিহত চিকিৎসকের বাবা-মায়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। পরিবারের দাবির ভিত্তিতে একাধিক চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে বলে আদালতকে জানানো হয়।
শুনানির সময় বিচারপতি শম্পা সরকার বলেন, "আদালত পুরনো তদন্তের পুনরাবৃত্তি নয়, নতুন তদন্তে কী কী উঠে এসেছে, সেটাই জানতে চায়।" বিচারপতি তীর্থঙ্কর ঘোষও স্পষ্ট করেন, "আমরা তদন্ত করব না, তদন্তের তত্ত্বাবধান করব। তবে তদন্তে কী নতুন সূত্র মিলছে, তা আদালত জানতে চায়।" এর পরই বিশেষ বেঞ্চ সিবিআইকে নির্দেশ দেয়, নতুন তদন্তে কী অগ্রগতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট ২৮ অগস্ট আদালতে পেশ করতে হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0