স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ! পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা পড়বে পড়ুয়ারা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে তাঁর জীবন, রাজনৈতিক ভূমিকা ও আত্মত্যাগ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের।

Aug 13, 2026 - 16:01
 0  5
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ! পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা পড়বে পড়ুয়ারা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করল রাজ্য সরকার। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়—শিক্ষার বিভিন্ন স্তরের পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদের জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড এবং আত্মত্যাগের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে শ্যামাপ্রসাদ সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির পরিকল্পনা

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই ধাপে ধাপে বিভিন্ন স্তরের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক ভূমিকা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান ও আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

রাজ্য সরকারের পরিকল্পনায় স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের উপযোগী করে শ্যামাপ্রসাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের প্রতি তাঁর অবদান তুলে ধরা হবে।

বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হবে বই

শ্যামাপ্রসাদের জীবন ও কর্ম নিয়ে পৃথক বই প্রকাশেরও উদ্যোগ নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলা এবং ইংরেজি—দুই ভাষাতেই একটি পূর্ণাঙ্গ বই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে গ্রন্থাগার দফতরকে। চলতি বছরের মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

এছাড়াও শ্যামাপ্রসাদের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি বইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রকাশ করার বিষয়ে রাজ্য আগ্রহ প্রকাশ করেছে।

ইকো পার্কে মূর্তি, হুগলিতে পাঠাগার

১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা ও প্রকাশনার পাশাপাশি আরও কয়েকটি পরিকল্পনার কথা জানানো হয়েছে। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হুগলিতে তাঁর পৈতৃক ভিটেতে একটি পাঠাগার তৈরির পরিকল্পনাও রয়েছে।

রাজ্যের ইতিহাস নিয়ে বিশেষ পুস্তিকা

পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়কে একত্র করে বাংলা ও ইংরেজিতে একটি বিশেষ পুস্তিকা প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে। এই প্রকল্পের নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতর।

পুস্তিকায় কোন কোন বিষয় থাকবে, তার কাঠামো ও বিষয়বস্তু নির্ধারণ করবে বিশেষ কমিটি। ইতিহাসবিদ, গবেষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের কাছ থেকেও মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মতামত জানাতে চালু হচ্ছে ডিজিটাল পোর্টাল

সরকারি পরিকল্পনায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি বিশেষ ডিজিটাল পোর্টাল চালুর সিদ্ধান্ত হয়েছে। সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে—প্রায় ১৫ থেকে ৩০ দিনের মধ্যে—যে কেউ তথ্য, মতামত, পরামর্শ বা প্রস্তাব জমা দিতে পারবেন। প্রাপ্ত মতামত যাচাই করে প্রয়োজনীয় বিষয় পুস্তিকায় অন্তর্ভুক্ত করা হবে।

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে রাজ্য সরকারের এই ধারাবাহিক উদ্যোগে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার পাশাপাশি তাঁর ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মূল লক্ষ্য বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0