Abhishek Banerjee: ফের সুপ্রিম ধাক্কা! অভিষেকের বিদেশযাত্রা মামলায় হস্তক্ষেপ নয়, হাইকোর্টকেই সিদ্ধান্তের নির্দেশ শীর্ষ আদালতের

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মামলা ফের কলকাতা হাইকোর্টে, এক সপ্তাহে সিদ্ধান্তের নির্দেশ।

Aug 3, 2026 - 13:14
Aug 3, 2026 - 13:15
 0  2
Abhishek Banerjee: ফের সুপ্রিম ধাক্কা! অভিষেকের বিদেশযাত্রা মামলায় হস্তক্ষেপ নয়, হাইকোর্টকেই সিদ্ধান্তের নির্দেশ শীর্ষ আদালতের

ফের সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এসএসকেএম-এ চোখ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছিল সাংসদকে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। কিন্তু, মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত ফেরত পাঠাল শীর্ষ আদালত। এই বিষয়ে কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট।

সোমবার সুপ্রিম কোর্টে অভিষেকের হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শংকর নারায়ণ। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় দেড় হাজারেরও বেশি মামলা রয়েছে। বিভিন্ন মামলার কারণে যদি বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়, তাহলে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হবে। তিনি আরও জানান, অতীতেও আদালতের অনুমতি নিয়েই একাধিকবার বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন অভিষেক।

তবে এই যুক্তি শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, বিষয়টি প্রথমে কলকাতা হাইকোর্টেই বিবেচিত হওয়া উচিত। সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সেই বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিদেশযাত্রার আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে বলেন, কলকাতাতেই চিকিৎসার সুযোগ রয়েছে কি না, তা আগে খতিয়ে দেখা প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে কি না। আদালতের নির্দেশ ছিল, এসএসকেএম-এর মেডিক্যাল বোর্ড যদি মত দেয় যে বিদেশে চিকিৎসা প্রয়োজন, তবেই বিদেশযাত্রার অনুমতির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

শেষপর্যন্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেকের রক্ষাকবচ ৬ অক্টোবর পর্যন্ত বাড়ালেও বিদেশযাত্রার অনুমতি দেয়নি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালতে আবেদন জানিয়ে অভিষেকের আইনজীবী জানান, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন তিনি। কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন। এরপরও তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তাঁর চিকিৎসার জন্য করা আবেদনে সাড়া দিচ্ছে না হাইকোর্ট। কিন্তু, সুপ্রিম কোর্টও এই মামলায় হস্তক্ষেপ করল না।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0