কুণাল ঘোষের ‘কণ্ঠরোধ’ মামলা খারিজ, ‘স্পিকারকে জানান’ বলল কলকাতা হাইকোর্ট
বিধানসভায় বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, অভিযোগ থাকলে স্পিকারের কাছে জানাতে হবে।
বিধানসভায় বক্তব্য রাখতে না দেওয়ার অভিযোগ তুলে করা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাস জানিয়ে দিয়েছে, এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। কোনও অভিযোগ থাকলে তা বিধানসভার স্পিকারের কাছেই জানাতে হবে।
কুণাল ঘোষের অভিযোগ ছিল, বিধানসভার অধিবেশনে তাঁকে পরিকল্পিতভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। তাঁর নাম বক্তার তালিকায় রাখা হলেও পরে তা বাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেছিলেন তিনি। এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন তৃণমূল বিধায়ক।
সম্প্রতি বিধানসভার অধিবেশন চলাকালীন বক্তব্য রাখা নিয়ে বিরোধের জেরে কুণাল ঘোষের সঙ্গে বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানের বচসা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয় এবং পরে এক দিনের জন্য সাসপেন্ডও করা হয়েছিল। এরপরই নিজের সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন কুণাল।
শুক্রবার মামলার শুনানিতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতে জানান, তাঁরা জুডিশিয়াল রিভিউ চাইছেন। তাঁর বক্তব্য, সংখ্যাগরিষ্ঠ দলের চিফ হুইপ কুণালের নাম বক্তার তালিকায় পাঠাননি। আদালত অন্তত এই বিষয়ে কোনও নির্দেশ দিক, যাতে বিধানসভায় বক্তব্য রাখার সুযোগ পাওয়া যায়।
তখন বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তোলেন, “আদালত কী করতে পারে? আদালত কি স্পিকারকে কোনও নির্দেশ দিতে পারে?”
অন্যদিকে, বিধানসভার পক্ষে আইনজীবী জয়দীপ কর দাবি করেন, এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। তাঁর যুক্তি, ২৯৪ জন বিধায়ক নিয়ে গঠিত বিধানসভায় প্রত্যেককে বক্তব্য রাখার সুযোগ দেওয়া এবং সেই বিষয়টি আদালত থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি আরও জানান, কুণাল ঘোষ নিজেও এর আগে ২৪ এবং ২৫ জুন বিধানসভায় বক্তব্য রেখেছিলেন।
দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ কুণাল ঘোষের করা মামলা খারিজ করে দেয়। আদালত জানায়, বিধানসভার ভিতরের কোনও বিষয়ে অভিযোগ থাকলে তা বিধানসভার নিয়ম মেনে স্পিকারের কাছেই জানাতে হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0