১২ বেসরকারি ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবিরে নিষেধাজ্ঞা, রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
১২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবিরে নিষেধাজ্ঞা ঘিরে মামলায় রাজ্যের তদন্ত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ১৪ অগস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।
রাজ্যে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত সংগ্রহ নিয়ে বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। ১২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবিরে সাময়িক নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ঘিরে দায়ের হওয়া মামলায় রাজ্য সরকারের কাছে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে আদালত। বিচারপতি কৃষ্ণ রাও রাজ্যকে আগামী ১৪ অগস্টের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে ১৯ অগস্ট।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের অভিযোগ, কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে উপহারের প্রলোভন দেখিয়ে রক্ত সংগ্রহ, স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে না জানিয়ে অন্য রাজ্যে রক্ত ও রক্তজাত উপাদান পাঠানো, এবং রক্তদান শিবির পরিচালনায় একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে স্বাস্থ্য দপ্তর।
তদন্ত চলাকালীন ১ অগস্ট থেকে সংশ্লিষ্ট ১২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে রক্তদান শিবির আয়োজন করে রক্ত সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। তবে সরকারি নির্দেশিকায় স্পষ্ট করা হয়, নিজস্ব হাসপাতাল বা প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে সমস্ত নিয়ম মেনে রক্ত সংগ্রহে কোনও বাধা নেই।
এই নির্দেশিকার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। তাদের দাবি, রক্তদান শিবির বন্ধ থাকায় থ্যালাসেমিয়া-সহ বহু গুরুতর রোগীর জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহে সমস্যা তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও জানতে চান, অভিযোগগুলির তদন্ত কতদূর এগিয়েছে। সেই কারণেই রাজ্য সরকারকে বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, গত কয়েক দিনে একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্কে অভিযান চালিয়েছে স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, কিছু ক্ষেত্রে বেআইনিভাবে রক্ত, প্লাজমা ও রক্তজাত উপাদান অন্য রাজ্যে পাঠানো, অতিরিক্ত অর্থের বিনিময়ে সরবরাহ এবং রক্তদান শিবির পরিচালনায় সরকারি নির্দেশিকা লঙ্ঘনের মতো অনিয়মের প্রমাণ মিলেছে।
এরই মধ্যে দুর্গাপুরে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, দুর্গাপুর স্টিল টাউনশিপের একটি স্কুলের কয়েকজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে টাকা দিয়ে রক্ত নেওয়া হয়েছিল। এই ঘটনায় কয়েকজন অভিভাবক দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0