সমনেও হাজিরা নয়! মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করল কৃষ্ণনগর আদালত
ভারতীয় সেনা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বারবার সমন পেয়েও হাজিরা না দেওয়ার অভিযোগ।
ভারতীয় সেনা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বুধবার কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
অভিযোগ, মামলাটির শুনানিতে উপস্থিত থাকার জন্য মহুয়া মৈত্রকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত কোনও তারিখেই তিনি আদালতে হাজির হননি। শেষবার সশরীরে হাজিরার জন্য নির্দেশ দেওয়ার পরও উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।
কী অভিযোগ মহুয়ার বিরুদ্ধে?
কৃষ্ণনগরের নাজিরাপাড়া এলাকার বাসিন্দা চয়ন নন্দী মহুয়া মৈত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছিলেন। মামলাকারীর অভিযোগ, মহিলাদের তুলসীমালা, বোরখা ও হিজাব পরানো নিয়ে মন্তব্যের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় সেনা এবং জওয়ানদের নিয়ে মহুয়া আপত্তিকর মন্তব্য করেছেন।
মামলাকারীর আইনজীবী শীর্ষেন্দু দাসের দাবি, আদালতের তরফে বারবার সমন জারি করা হলেও মহুয়া মৈত্র কোনওবারই ব্যক্তিগতভাবে হাজির হননি। বুধবার সশরীরে হাজিরার শেষ সুযোগ থাকলেও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক দিব্যেন্দু দাস গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানান তিনি।
একাধিক ধারায় মামলা
অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র একাধিক ধারায় মামলা হয়েছে বলে জানা গিয়েছে।
মামলায় নারীর শালীনতা ক্ষুণ্ণ করা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, ভয় দেখানো এবং ঘৃণাভাষণের মতো অভিযোগ সংক্রান্ত ধারাও যুক্ত করা হয়েছে বলে মামলাকারী পক্ষের দাবি।
আদালতে হাজিরা না দেওয়াই বড় কারণ?
মামলার মূল অভিযোগ নিয়ে আদালতে বিচারপ্রক্রিয়া চললেও, আপাতত মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষেত্রে বারবার সমন পেয়েও হাজির না হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এখন এই পরোয়ানার পর মামলাটি কোন দিকে এগোয় এবং মহুয়া মৈত্র আদালতে হাজির হয়ে কী অবস্থান নেন, সেদিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0