‘FIR আমার কাছে মেডেল’, ১০০ মামলার লক্ষ্য রাহুলের; কমিশনে যাওয়ার আগেই আটক বিরোধী সাংসদরা
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভে নামল বিরোধী জোটের সাংসদরা। যন্তর মন্তর থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আটক হন রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী সাংসদ। এরই মধ্যে রাহুল বলেন, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি FIR তাঁর কাছে ‘মেডেল’ এবং ১০০টি FIR তাঁর লক্ষ্য।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নিজেদের আপত্তি জানাতে দিল্লিতে ফের পথে নামল বিরোধী দলের সাংসদরা। বুধবার যন্তর মন্তর থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করেন INDIA জোটের একাধিক সাংসদ। কিন্তু মিছিল এগোনোর আগেই পুলিশি ব্যারিকেডে আটকে যায় কর্মসূচি। পরিস্থিতি ঘিরে রাজধানীতে উত্তেজনা তৈরি হয়।
বিক্ষোভকারীদের আটকাতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও বিক্ষোভে অংশ নেন। পুলিশ তাঁদের আটক করে বাসে নিয়ে যায়। এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করতে গিয়ে রাহুল, প্রিয়াঙ্কা-সহ একাধিক বিরোধী নেতা পুলিশের বাধার মুখে পড়েছিলেন।
এই আন্দোলনের মধ্যেই সামনে আসে রাহুল গান্ধীর FIR নিয়ে মন্তব্য। তাঁর দাবি, বর্তমানে তাঁর বিরুদ্ধে ৪৫টি FIR রয়েছে। আরও মামলা হলে তিনি পিছিয়ে যাবেন না বলেও জানান। রাহুলের কথায়, প্রতিটি FIR তাঁর কাছে ‘মেডেল’-এর মতো এবং তাঁর লক্ষ্য ১০০টি FIR।
গতকালের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে। অভিযোগের মধ্যে রয়েছে অনুমতি ছাড়া আকাশবাণী ভবনের চত্বরে প্রবেশ এবং সেখানে দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ। পুলিশি অভিযোগের ভিত্তিতেই এই মামলা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের দফতরের দিকে যাওয়ার পথে পুলিশি ব্যারিকেডে আটকে পড়ার পর রাহুল ও প্রিয়াঙ্কা আকাশবাণী ভবনের ভিতরে গিয়ে অবস্থান শুরু করেন। সেখানে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর সন্ধ্যায় তাঁদের আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বিরোধী দলগুলির অভিযোগ, ভোটার তালিকা সংশোধন বা SIR-কে ঘিরে তাঁদের যে প্রশ্ন রয়েছে, নির্বাচন কমিশন তার যথাযথ জবাব দিচ্ছে না। সেই কারণেই মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করা হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনকে ঘিরে চলা এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই দিল্লিতে পরপর দু’দিনের বিক্ষোভ ও পুলিশি পদক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
বুধবারের ঘটনাকে ঘিরে ফের মুখোমুখি হয়েছে বিরোধী শিবির এবং প্রশাসন। একদিকে FIR ও আটক নিয়ে সরব বিরোধীরা, অন্যদিকে আইনশৃঙ্খলা বজায় রাখার যুক্তিতে মিছিল ও জমায়েত নিয়ন্ত্রণ করেছে পুলিশ। ফলে নির্বাচন কমিশন ও SIR-কে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক চাপাপড়েন আরও বাড়ল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0