হাসপাতালে মিঠুন চক্রবর্তী, অস্ত্রোপচারের পর দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে বলে...

Aug 7, 2026 - 14:19
 0  37
হাসপাতালে মিঠুন চক্রবর্তী, অস্ত্রোপচারের পর দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সফল অস্ত্রোপচারের পর আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিনেতাকে। সব কিছু স্বাভাবিক থাকলে শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, “হাতে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। তিনি ভাল আছেন। অস্ত্রোপচারের বিষয়টা নীরবেই রাখতে চেয়েছিলেন। চাননি যে এই নিয়ে খুব বেশি প্রচার হোক। আমরা কয়েক জন বিষয়টি জানতাম। আমাকে আগেই বলেছিলেন। আজ দেখে গেলাম। আশা করছি, খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর ডান হাতেই অস্ত্রোপচার হয়েছে, যেখানে এর আগেও অস্ত্রোপচার হয়েছিল। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালেও একই হাতে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেতা। সে সময় একটি ছবির লুক টেস্টের আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর হাতে আঘাত লাগে। পরে অস্ত্রোপচার হলেও পুরোপুরি সেরে ওঠার আগেই ফের দুর্ঘটনায় একই জায়গায় চোট পান। সেই সময় মিঠুন জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পরও দীর্ঘদিন যন্ত্রণা সহ্য করতে হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে। সুস্থ হওয়ার পর আবারও কাজে ফিরেছিলেন তিনি।

অভিনেতার সাম্প্রতিক অস্ত্রোপচার সফল হওয়ায় অনুরাগীদের মধ্যে স্বস্তি ফিরেছে। চিকিৎসকদের আশা, দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0