‘আইনি প্রক্রিয়াতেই হোক বিচার’, বারুইপুর এনকাউন্টার বিতর্কে বিজয়া রাহাতকর

বারুইপুর ধর্ষণ-খুন মামলার অভিযুক্তের এনকাউন্টার নিয়ে প্রতিক্রিয়া দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। তিনি বলেন, বিচার হওয়া উচিত আইনের পথেই।

Aug 7, 2026 - 20:27
 0  2
‘আইনি প্রক্রিয়াতেই হোক বিচার’, বারুইপুর এনকাউন্টার বিতর্কে বিজয়া রাহাতকর

বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুন মামলার অন্যতম অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। তাঁর স্পষ্ট বক্তব্য, অপরাধ যতই নৃশংস হোক না কেন, বিচার হওয়া উচিত আইনি প্রক্রিয়া মেনেই।

শুক্রবার হাওড়া জেলাশাসকের দপ্তরে আয়োজিত জনশুনানি কর্মসূচিতে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয়া রাহাতকর বলেন, “ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক। কোনও মেয়ের সঙ্গেই এমন ঘটনা ঘটা উচিত নয়। তবে ন্যায়বিচার সব সময় আইনের পথেই হওয়া উচিত। বারুইপুরের ঘটনায় ঠিক কী হয়েছিল, সেই বিষয়ে আমার কাছে পূর্ণ তথ্য নেই। তবে পুলিশ দায়িত্বশীলভাবেই কাজ করছে বলে আমার বিশ্বাস।”

উল্লেখ্য, গত মাসে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রভাত মণ্ডলকে। পরে ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, অভিযুক্ত এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছিল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সে নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

এদিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাও উল্লেখ করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। তিনি বলেন, “আরজি করের ঘটনা আমাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়েছিল। নির্যাতিতার পরিবারের যন্ত্রণা আমরা উপলব্ধি করি। বিষয়টি নিয়ে কমিশন শুরু থেকেই সক্রিয় ছিল। পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং পরিবারের বক্তব্যও সিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”

হাওড়ার জনশুনানি কর্মসূচিতে মোট ২৪ জন অভিযোগকারী জাতীয় মহিলা কমিশনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তাঁদের বিভিন্ন অভিযোগ শুনে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেয় কমিশন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0