কৃষকদের বিদ্যুতে ভর্তুকি, জব কার্ডে বছরে ৩৪,৫০০! পুজোর আগে বড় ঘোষণা শুভেন্দুর
কৃষকদের বিদ্যুৎ বিলে ইউনিট-পিছু ২ টাকা ভর্তুকি ও জব কার্ডধারীদের বছরে ৩৪,৫০০ টাকা দেওয়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর। পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে কৃষি, ধান কেনা ও শিল্প বিনিয়োগ নিয়েও একাধিক বার্তা।
পুজোর আগে কৃষক ও গ্রামীণ শ্রমজীবীদের জন্য একাধিক আর্থিক সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক থেকে তাঁর ঘোষণা, রাজ্যের প্রায় ৪ লক্ষ কৃষককে কৃষি বিদ্যুতের ব্যবহারে ইউনিট-পিছু ২ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি ‘বিকশিত ভারত জি রাম জি’ প্রকল্পের আওতায় জব কার্ডধারীদের বছরে ১২৫ দিনের কাজ এবং সেই হিসেবে বছরে ৩৪,৫০০ টাকা পর্যন্ত সরাসরি পাওয়ার কথা জানান তিনি।
বর্ধমান সফরের শুরুতে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। এরপর প্রশাসনিক সভায় যোগ দিয়ে কৃষি, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিকে ঘিরে একাধিক ঘোষণা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, চলতি বছর থেকে পিএম-কিষাণ সম্মান নিধিতে কৃষকদের বার্ষিক সহায়তার পরিমাণ ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হবে।
এরপর কৃষি বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা করেন শুভেন্দু। তাঁর দাবি, প্রায় ৪ লক্ষ কৃষককে প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা করে সরকারি ভর্তুকি দেওয়া হবে। এতে কৃষকদের বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে বলে জানান তিনি।
জব কার্ডধারীদের নিয়েও এদিন কর্মসংস্থানের ঘোষণা সামনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, নতুন প্রকল্পের আওতায় বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিন কাজের সুযোগ তৈরি করা হচ্ছে। প্রত্যেক জব কার্ডধারীর অ্যাকাউন্টে বছরে ৩৪,৫০০ টাকা পর্যন্ত সরাসরি পৌঁছনোর কথা জানান তিনি। এর আগে নন্দীগ্রাম সফরেও একই অঙ্কের আর্থিক সুবিধা এবং ১২৫ দিনের কাজের কথা জানিয়েছিলেন শুভেন্দু।
পূর্ব বর্ধমানের ধানচাষীদের জন্যও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কৃষকদের কাছ থেকে সরকার ধান সংগ্রহ করবে এবং ন্যূনতম ২,৭০০ টাকা সহায়ক মূল্য নিশ্চিত করা হবে। ধান কেনাবেচায় মধ্যস্বত্বভোগী বা ফড়েদের ভূমিকা নিয়েও কড়া বার্তা দেন তিনি।
প্রশাসনিক সভা থেকে রাজ্যে শিল্প বিনিয়োগের হিসেবও তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য অনুযায়ী, ডানকুনিতে লাক্স কোজি প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগ করছে। সাঁকরাইলে আমূলের প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প এবং মেজিয়ায় প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে নতুন স্টিল কারখানা তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। রঘুনাথপুরে অমিত মেটালিকের প্রায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের কথাও উল্লেখ করেন।
এর আগে বুধবার নিউটাউনের মিলন মেলায় ৩৩টি শিল্পসংস্থাকে জমি দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ওই শিল্পপ্রকল্পগুলিতে প্রায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং প্রায় ৬২ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছিল। প্রকল্পগুলির মধ্যে ফার্মা, স্টিল, খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্র ও ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক ক্ষেত্র রয়েছে।
শিল্প বিনিয়োগের প্রসঙ্গে আরও কয়েকটি বড় প্রকল্পের সম্ভাবনার কথাও জানান শুভেন্দু। তাঁর দাবি, রিলায়েন্স গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি প্রশাসনিক কাজকর্মে দুর্নীতি নিয়ে আধিকারিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে।
পুজোর আগে পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে কৃষক, জব কার্ডধারী এবং শিল্পক্ষেত্রকে ঘিরে একাধিক আর্থিক ঘোষণা সামনে আসায় এখন নজর থাকবে, ঘোষিত সুবিধাগুলি কীভাবে এবং কবে থেকে বাস্তবে কার্যকর হয়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0