কেন ফর্ম ৬-কে কেন্দ্র করে এত জটিলতা! নির্বাচন কমিশনের ভূমিকাতে একাধিক ধোঁয়াশা
Form 6-এ SIR-সংক্রান্ত নতুন তথ্য যুক্ত করা নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি। জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নেওয়া একাধিক সিদ্ধান্তে সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশীর ১৪টি আপত্তির রিপোর্ট প্রকাশ্যে।
২০২৬ সালে দেশ জুড়ে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন বিধানসভা নির্বাচনের আগে হয়ে যাওয়া SIR সমীক্ষা নিয়ে জারি থাকছে বিতর্ক, যার কেন্দ্রে রয়েছেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জ্ঞানেশের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েই তাঁর সঙ্গে সহমত পোষণ করেননি অপর দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। বিগত এক বছরে অন্তত ১৪ বার তাঁদের এই আপত্তির কথা কমিশনে জানিয়েছেন এই দুই উচ্চ পদস্থ আধিকারিক। তবে অভিযোগ, তাতে আখেরে লাভ হয়নি বিশেষ।
নির্বাচন কমিশনের এই তীব্র অন্তর্দ্বন্দ্বের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ফর্ম ৬ -এর প্রসঙ্গটি। ভারতে নির্বাচনী তালিকায় প্রথম বার নিজের নাম নথিভুক্ত করার জন্য সকল ভোটারদের ভর্তি করতে হয় এই ফর্ম। বয়স ও ঠিকানার প্রমাণ, ছবি, এবং আরো বিভিন্ন বিস্তারিত তথ্যের প্রয়োজন এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য। এই বছরের জুলাই মাসে এই ফর্মে বেশ কিছু রদবদল করা হয়, যা নিয়ে বিতর্কের সূত্রপাত।
পরিবর্তিত ফর্ম অনুযায়ী, নথিভুক্তকরণে আগ্রহী ভোটারদের SIR - ভিত্তিক বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক। একজন নতুন ভোটারকে জানাতে হবে তাঁর নাম ২০০১ নাগাদ হওয়া শেষ SIR -এ ছিল কিনা, কিংবা তাঁর পিতামাতার বা তাঁদেরও পিতামাতার নাম ওই তালিকাভুক্ত ছিল কিনা। এই দুটির কোনোটাই কার্যকর না হলে, তাও জানাতে হবে ওই ভোটারকে। প্রশ্ন উঠছে, এই দ্বিতীয় ক্ষেত্রে ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য তাঁরা সমস্যার সম্মুখীন হতেই পারেন। বিশেষত ১৮ বছর বয়সী নতুন ভোটার যারা SIR অনুযায়ী পারিবারিক যোগাযোগ দেখাতে অপারগ, তাঁরা অসুবিধায় পড়তে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, এই সমস্ত রদবদল মুখ্য নির্বাচন কমিশনারের প্রায় একক সিদ্ধান্তের ভিত্তিতে ঘটেছে। কমিশনের অন্তর্বর্তী চিঠিতে অপর দুই কমিশনার এহেন বদলকে বেআইনি ও অননুমোদিত বলে দাবি করেছেন। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি জ্ঞানেশের পদত্যাগ দাবি করেছে। যদিও কমিশন এই অন্তর্দ্বন্দ্বকে অস্বীকার করে একে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বাভাবিক অংশ বলে অভিহিত করেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0