বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে পাকিস্তান ‘ফার্স্ট’, প্রথম দশে ইজরায়েল! ভারতের স্থান কত?
Global Terrorism Index 2026-এ প্রথমবার শীর্ষে পাকিস্তান। ইজরায়েল দশম এবং ভারত ১৩ নম্বরে। রিপোর্টে পাকিস্তানে সন্ত্রাসবাদে মৃত্যুর উদ্বেগজনক বৃদ্ধির তথ্য।
বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে বড়সড় পরিবর্তন। ২০২৬ সালের Global Terrorism Index (GTI)-এ প্রথমবারের মতো বিশ্বের সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি প্রভাবিত দেশ হিসেবে শীর্ষস্থান দখল করেছে পাকিস্তান। ৮.৫৭৪ স্কোর নিয়ে এক নম্বরে রয়েছে ইসলামাবাদ। গত দুই বছর ধরে শীর্ষে থাকা বুরকিনা ফাসো এবার ৮.৩২৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে।
অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) প্রকাশিত এই সূচকে ২০২৫ সালের সন্ত্রাসবাদ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত বছর পাকিস্তানে ১,০৪৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এবং প্রাণ হারিয়েছেন ১,১৩৯ জন। ২০১৩ সালের পর পাকিস্তানে সন্ত্রাসবাদে মৃত্যুর সংখ্যা এত বেশি হয়নি।
প্রথম দশে কারা?
পাকিস্তানের পর তালিকায় রয়েছে বুরকিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া, মালি, সিরিয়া, সোমালিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, কলম্বিয়া এবং ইজরায়েল। ৬.৭৯০ স্কোর নিয়ে ইজরায়েল রয়েছে দশম স্থানে।
অন্যদিকে, ভারতের অবস্থান ১৩ নম্বরে। ভারতের GTI স্কোর ৬.৪২৮ এবং আগের সূচকের তুলনায় ভারতের অবস্থান দুই ধাপ উপরে উঠেছে। অর্থাৎ সন্ত্রাসবাদের প্রভাবের নিরিখে ভারতের অবস্থান এবার প্রথম ১৫-এর মধ্যে।
পাকিস্তানে সন্ত্রাসের বাড়বাড়ন্ত
IEP-এর রিপোর্টে পাকিস্তানের সন্ত্রাস পরিস্থিতির অবনতির পিছনে একাধিক কারণের কথা বলা হয়েছে। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এবং বালোচিস্তান লিবারেশন আর্মির (BLA) কার্যকলাপ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত ঘিরে উত্তেজনাও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
পাকিস্তানে সন্ত্রাসের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। সীমান্তবর্তী এলাকাগুলিতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধিকে রিপোর্টে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
TTP-র দাপটও উদ্বেগের
২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি প্রাণঘাতী সন্ত্রাসী সংগঠনগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে TTP। তার উপরে রয়েছে ইসলামিক স্টেট (IS) এবং জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (JNIM)। রিপোর্ট অনুযায়ী, এই চারটি সংগঠন মিলেই ২০২৫ সালে বিশ্বের সন্ত্রাসবাদজনিত মৃত্যুর প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী ছিল।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই চার সংগঠনের মধ্যে শুধুমাত্র TTP-র কারণে সন্ত্রাসবাদে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ফলে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বিশ্বজুড়ে অবশ্য কমেছে সন্ত্রাসে মৃত্যু
পাকিস্তানের পরিস্থিতির বিপরীতে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে মৃত্যুর সংখ্যা কমেছে। ২০২৫ সালে সন্ত্রাসী হামলায় বিশ্বে ৫,৫৮২ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ কম। একই সময়ে হামলার সংখ্যাও প্রায় ২২ শতাংশ কমে ২,৯৪৪ হয়েছে।
IEP-এর বিশ্লেষণ বলছে, বিশ্বের সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি প্রভাবিত ১০টি দেশের মধ্যে ছ’টি সাব-সাহারান আফ্রিকায় অবস্থিত। অর্থাৎ আফ্রিকার সাহেল অঞ্চল এখনও বিশ্ব সন্ত্রাসবাদের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে রয়েছে।
সব মিলিয়ে, ২০২৬ সালের GTI রিপোর্টে পাকিস্তানের প্রথম স্থানে উঠে আসা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একই তালিকায় ভারতের ১৩ নম্বর অবস্থানও নজর কেড়েছে। তবে সূচকটি কোনও দেশের ‘সন্ত্রাস রপ্তানি’র তালিকা নয়; এটি মূলত একটি দেশের উপর সন্ত্রাসবাদের প্রভাব কতটা, তা পরিমাপ করে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0